পদত্যাগপত্র দেয়া সংবিধান মেনেই: সুরঞ্জিত
প্রধানমন্ত্রীর হাতে মন্ত্রীদের পদত্যাগপত্র দেয়া নিয়ে বিএনপিসহ বিভিন্ন মহলের প্রশ্ন তোলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান মেনেই এই প্রক্রিয়া চালানো হয়েছে।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে গত সোমবার মন্ত্রিসভার সব সদস্য প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন। এতে সংবিধান অনুযায়ী মন্ত্রীদের পদ শূন্য হয়ে গেছে বলে বিএনপির দাবি।
সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য সুরঞ্জিত এই বিষয়ে আইনি ব্যাখ্যা নিয়ে বুধবার সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বলেন, পদত্যাগপত্র জমা দেয়া সাংবিধানিকভাবেই হয়েছে। যেটা হয়েছে সেটা শতভাগ সাংবিধানিক, লিগ্যাল, লেজিটিমেট।
“সংবিধানের ৫৮ (২) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রীদের পদত্যাগের অনুরোধ করতে পারেন। মন্ত্রীরা এক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুরোধ রক্ষা করেছেন,” বলেন সহকর্মীদের সঙ্গে পদত্যাগপত্র জমা দেয়া মন্ত্রী সুরঞ্জিত।
তিনি বলেন, এই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর তার গ্রহণের মাধ্যমে গেজেট জারির পরই কার্যকর হবে।
“প্রধানমন্ত্রীর কাছে যে পদত্যাগপত্র দেয়া হয়েছে তা তিনি ড্রয়ারে রাখতে পারেন, আবার রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। রাষ্ট্রপতি তখন সই করবেন, গেজেট হবে, ডিগেজেট হবে।”
বিরোধী দলের নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা করে সর্বদলীয় সরকার গঠনের পথে এগোচ্ছে আওয়ামী লীগ। আর সেজন্যই বর্তমান মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেন।
তাদের পদত্যাগপত্র জমা হওয়ার পর বিএনপির পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি হয় যে সাংবিধানিকভাবে মন্ত্রীদের পদ শূন্য হয়ে গেছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন,এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা উদ্দেশ্যপ্রণোদিত।
“এটা উস্কানি, দায়িত্বজ্ঞানহীন এবং অসৌজন্যমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মন্ত্রিসভার এই পদত্যাগ নিয়ে দেশে একটা মহাপ্রলয় হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ গণমাধ্যম নানারকম নিউজ করছে।”
“কেউ পুলিশকে বলছে, মন্ত্রীদের পতাকা দেখলেই নামিয়ে ফেল। সেক্রেটারিকে বলছে, মন্ত্রীর সই নিয়ো না।”
বিষয়টি নিয়ে গণমাধ্যমকে ‘সংযত’ ও ‘সাবধানী’ বক্তব্য আশা করেছেন প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত।
বিএনপির প্রতিক্রিয়ার সমালোচনা করে রসিকতা করে তিনি বলেন, “তারা তো পার্টি অব ব্যারিস্টারস। মানে মানে করেন। তারপরেও পড়ে পড়ে দেখবেন না।
পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ মঙ্গলবার সাংবাদিকদরে বলেন, তারা যা জমা দিয়েছেন, তা আদতে পদত্যাগপত্রই নয়, কেননা তা রাষ্ট্রপতির বরাবরে দেয়া হয়নি।
“কেবল রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য পদত্যাগপত্র দিলেই তা কার্যকর হয়, এক্ষেত্রে তা হয়নি,” সমালোচকদের উদ্দেশে বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি।
অন্যদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পদত্যাগপত্র জমা দেয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের আদালতে দ্বারস্ত হয়ে ব্যাখ্যা নেয়ার পরামর্শ দিয়েছেন।
মন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সুরঞ্জিত বলেন, “সব মন্ত্রীরা আইন-সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন, এমন নয়।
“তার পরও সংবিধান নিয়ে প্রশ্ন উঠতেই পারে, উঠবেও। এর ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দেবে।”
