২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক না করে আদালতে যাওয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর

মন্ত্রীদের পদত্যাগ নিয়ে বিতর্ক না করে আদালতের ব্যাখ্যা নেয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “সংবিধান মেনেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেয়া হয়েছে, তবে সেটা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন না হওয়া পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত সই না করবেন, ততক্ষণ পর্যন্ত মন্ত্রীরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করবেন।”

“দুই ধরনের পদত্যাগ আছে, একটি হলো তিনি (মন্ত্রী) স্ব ইচ্ছায় নিজেকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে নিতে চান, সেজন্য সরাসরি পদত্যাগপত্র দিবেন। আরকেটি হলো প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদের পুনর্গঠন করার জন্য বা কাউকে বাদ দেয়ার জন্য পদত্যাগের আহ্বান জানাতে পারেন।”

এক্ষেত্রে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেউ পদত্যাগপত্র জমা দিলে সংবিধানের বিধান অনুযায়ী তা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করার পরই সে পদ শূন্য হবে বলে জানান তিনি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলের আন্দোলনের মধ্যেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে ‘তারিখবিহীন’ পদত্যাগপত্র জমা দেন মন্ত্রিসভার সদস্যরা, যার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

প্রধানমন্ত্রীর হাতে মন্ত্রীদের পদত্যাগপত্র দেয়া নিয়ে বিভিন্ন মহল থেকে ‘সাংবিধানিক’ প্রশ্ন ওঠার পর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সেগুলো আদতে পদত্যাগপত্রই নয়, কেননা তা রাষ্ট্রপতির বরাবরে দেয়া হয়নি। কেবল রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য পদত্যাগপত্র দিলেই তা কার্যকর হয়।

এ বিষয়ে হাসানুল হক ইনু বলেন, “প্রধানমন্ত্রীর অনুরোধে মন্ত্রিপরিষদের সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রধানমন্ত্রী সরকার পুনর্গঠনের প্রক্রিয়ার সময়কাঠামোর সাথে মিলিয়ে যাদেরকে রাখবেন আর যাদেরকে রাখবেন না সেভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেবেন, রাষ্ট্রপতি তার ভিত্তিতে নতুন মন্ত্রী নিয়োগ দিবেন।”

সংবিধান লংঘন করে পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমার যতটুকু জ্ঞান, সংবিধানেরর বাইরে কিছু করা হয়নি।

“যেসব নিয়ে আজ বিতর্ক হচ্ছে, বিতর্ক এভাবে না করে, গুরুতরভাবে সংবিধান লংঘন হলে আদালতের মাধ্যমে এর ব্যাখা চাইতে পারেন।”