সাভারে হরতালের তিন মামলা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৮৪ ঘণ্টার হরতালে সাভারে নাশকতাসহ বিভিন্ন ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ।
যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে করা এ তিন মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ৩৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১২০ জনকে আসামি করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, থানা সভাপতি মাহামুদুল হাসান আলাল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, ঢাকা জেলা (উত্তর) জামায়াতের সেক্রেটারি এখলাছ উদ্দিন আহম্মেদ ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহাবুব।
