২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও পুলিশের পাশে থাকবে বিজিবি

বিরোধীদলের টানা ৬০ ঘণ্টার হরতালে নাশকতা রোধে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম  ও জেলার চারটি উপজেলায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 08:19 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

সোমবার সকাল থেকে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহলে নামবে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের কর্মকর্তারা।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশকে সহায়তা করার জন্য ছয় প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে।

সকাল থেকে পুলিশের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা টহল দেবে বলেও জানান তিনি। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এদিকে চট্টগ্রামের জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়া, লোহাগাড়া এবং সাম্প্রতিক সময়ের হরতালে মহাসড়কে ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সীতাকুণ্ড উপজেলায়ও বিজিবি মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহাগাড়া, সাতকানিয়ার পাশাপাশি সীতাকুণ্ড, ও হাটহাজারী উপজেলায়ও বিজিবি মোতায়েন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করার জন্য সোমবার সকাল থেকে টহল শুরু করবে তারা।

এছাড়া প্রয়োজনবোধে অন্যান্য উপজেলায়ও বিজিবি মোতায়েন হবে বলে জানান পুলিশ কর্মকর্তা ইলতুৎমিশ।

২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর ও সাম্প্রতিক সময়ের হরতালে পুলিশের ওপর হামলা, গুলি বর্ষণসহ নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায়।

সেখানে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়।