২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ পেলে ব্যবস্থা: সিইসি

তফসিল ঘোষণার পরও কোনো নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 09:40 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

তিনি বলেছেন, নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকেই প্রশাসনের কর্মকর্তাদের ওপর নজর রাখা হয়েছে।

মঙ্গলবার বিকালে শেরে বাংলা নগরে কমিশন কার্যালয় থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমরা প্রশাসনে খোঁজ খবর রাখছি। জেলা প্রশাসক (ডিসি), এসপিসহ প্রশাসনে রদবদল করতে হবে এরকম কোন কথা নেই।”

কাজী রকিব জানান, বিগত নির্বাচনগুলোতে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছিলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, বদলি করা হয়েছে। সংসদ নির্বাচনেও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বদলি করা হবে।

কমিশন সভায় বুধবার আচরণবিধি পর্যালোচনার পর দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচনের জন্য ৪৫-৫০ দিন সময় রেখে ভোটের সময়সূচি নির্ধারণের পরিকল্পনার কথাও জানান সিইসি।

সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে নির্বাচনকালে সরকারের যে কোনো সংস্থা-বিভাগের প্রয়োজন হলে ‘তাৎক্ষণিক’ বদলির বিষয়ে ব্যবস্থা নিতে পারবে।

“নির্বাচনকালীন ধারাবাহিক রদবদলের নিয়ম থাকলেও এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো কোন কাজ নেই। আমরা অতিশিগরি এই ক্ষমতা প্রয়োগ করব।”

বিভিন্ন মহলে ‘সমালোচিত, অভিযুক্ত ও বিতর্কিত’ কর্মকর্তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে সিইসি জানান, তফসিল ঘোষণার পর অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হয়। ইতোপূর্বে অনুষ্ঠেয় নির্বাচনেও তা দেখে ব্যবস্থা নেয়া হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ইসি বদ্ধপরিকর বলেও জানান তিনি।

আচরণবিধির বিষয়ে কাজী রকিব বলেন, “আগামীকাল [বুধবার] কমিশন বৈঠকে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হবে। এছাড়া একই সময় নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ নিয়েও আলোচনা হবে।”

নির্বাচনের সময় মন্ত্রীদের অর্থ ছাড়করণে বিষয়ে তিনি জানান, তফসিল ঘোষণার পরে অর্থ ছাড়ের বিষয়ে সীমাবদ্ধতা থাকবে। তবে কোন বিশেষ অবস্থা যেমন দুর্যোগের মতো পরিস্থিতি সৃষ্টি হলে ছাড় দেয়া হবে।