২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দনিয়া আ. লীগ কার্যালয়ে আগুন, বোমাবাজি

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রাজধানীতে বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে যাত্রাবাড়ীর দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের মধ্য দিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 08:35 AM

Updated : 25 Apr 2022, 07:27 PM

আগের দিনের মতো সোমবারও সকালের প্রথমভাগে নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওই কার্যালয়ে আগুন দেয়া হয়। পরে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান, শনির আখড়া ব্রিজের ঢালে আওয়ামী লীগের ওই কার্যালয়ের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।

সেখানে আগুন দেয়ার সময় হরতাল হরতাল শ্লোগান দিয়ে কয়েকটি হাতবোমা ফাটানো হয় বলে স্থানীয়রা জানান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সকালে নাখালপাড়া থেকে ছয় শিবিরকর্মীকে আটক করেছেন তারা।

হরতালের মধ্যে বোমাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে ওসি জানান।

সকালে বাড্ডায় যুবদল, পল্লবীতে স্বেচ্ছাসেবক দল এবং হাতিরঝিল এলাকায় যুবদল কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে।

হাতিরঝিলে মিছিলের সময় কয়েকটি হাতবোমা ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান।

বোমাবাজি হয়েছে শ্যামলী ও রামপুরায় টিভি স্টেশনের সামনেও।

ভোর সোয়া ৪টার দিকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে কাঁচামালবাহী একটি মিনি ট্রাকে আগুন দেয় হরতালকারীরা।

পরে অগ্নিনির্বাপক কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে ফায়ার সর্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান। 

এর আগে হরতালের প্রথম দিন রোববার ফরিদপুর, পিরোজপুর, যশোর, পাবনা ও বগুড়ায় হরতাল চলাকালে হামলা ও সংঘর্ষে নিহত হন পাঁচজন। এদের মধ্যে দুজন বিএনপিকর্মী এবং দুজন যুবলীগ ও একজন জামায়াতকর্মী। 

এছাড়া চাঁদপুর, পাবনা, সাতক্ষীরা, বগুড়া, কক্সবাজার, ফেনী, গাইবান্ধা, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, নাটোরসহ বিভিন্ন স্থানে হরতালকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ শতাধিক লোক।

নাটোর সদরের দত্তপাড়া বাজারে এক যুবলীগকর্মীর হাতের রগ কেটে দেয় জামায়াতকর্মীরা।

জয়পুরহাটে দুটি ট্রেন ভাংচুরের পর হরতাল সমর্থকরা বগিতে আগুন দিয়েছে। তাদের ঢিলের আঘাতে আহত হন অন্তত ৫০ যাত্রী।

রাজধানীতে হরতালের মধ্যে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের একটি কক্ষে আগুন লেগে বিভিন্ন মামলায় পুলিশের তদন্তের নথি পুড়ে যায়। এ ঘটনার পেছনে হরতালকারীরা জড়িত বলে পুলিশের সন্দেহ।

আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টার থেকে ১৭টি হাতবোমা ও আধা কেজি গান পাউডার উদ্ধার করে পুলিশ।

রাজধানীর কাকরাইল এলাকায় ককটেল ছুড়তে গিয়ে গুরুতর আহত হন এক হরতাল সমর্থক। বোমাবাজি হয় নির্বাচন কমিশন, সংসদ ভবন ও বিএনপি কার্যালয় এলাকাতেও।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংলাপের জন্য সরকারকে দুই দিন সময় বেঁধে দিয়ে এই হরতালের ঘোষণা দেন।

এরপর শনিবার বিরোধী দলীয় নেতাকে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণভবনে যাওয়ার আমন্ত্রণ জানান এবং হরতাল তুলে নিতে অনুরোধ করেন।

কিন্তু এরপর বিএনপির পক্ষ থেকে বলা হয়, হরতাল প্রত্যাহার করা সম্ভব নয়, প্রধানমন্ত্রী যেন হরতালের পর সংলাপের আমন্ত্রণ জানান। 

হরতালে বিশৃঙ্খলা এড়াতে রোববার থেকেই রাজধানীর প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যর‌্যাব সদস্য মোতায়েন রয়েছেন।

হরতালের কারণে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন বাড়ছে। সব সড়কেই রিকশা ও অটোরিকশা চলাচল করছে।

পুরনো খবর:

হরতালের প্রথম দিনে সংঘাত-নাশকতা