অভিবাসী বিল পাস
বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিরাপদ-ন্যায়সঙ্গত অভিবাসন ব্যবস্থা প্রবর্তন এবং অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার-কল্যাণ নিশ্চিত করতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী বিল সংসদে হয়েছে।
বুধবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এটি কণ্ঠভোটে পাস হয়।
গত ১৫ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হলে তা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
বিলে অবৈধভাবে বিদেশে কর্মী পাঠানো, অর্থ গ্রহণের জন্য অনধিক পাঁচ বছরের কারাদণ্ড এবং অন্যূন এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া অভিবাসী কর্মীকে নিবন্ধনের বিধান রাখা হয়েছে।
বিলে উদ্দেশ্য ও কারণে বলা হয়েছে, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে বেকারত্ব লাঘব হচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
বিদেশ গমনেচ্ছু কর্মীর অনেকে বিদেশ গমন সংক্রান্ত তথ্যাদি সম্পর্কে যথযাথভাবে অবহিত থাকেন না উল্লেখ করে বিলে বলা হয়েছে, প্রায়ই রিক্রুটিং এজেন্সি এবং মধ্যস্বত্বভোগীরা বিদেশগমনকারী কর্মীদের প্রলুব্ধ করতে বিদেশে নিয়োগ নিয়ে অতিরঞ্জিত তথ্য দেয়। ফলে তারা সহজেই প্রতারণার শিকার হন।
বিদেশে কর্মী পাঠানোর কার্ক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা, রিক্রুটিং এজেন্সিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও অধিকার সংরক্ষণের জন্য ইমিগ্রেশন অর্ডিনেন্স-১৯৮২ সময়োপযোগী ও যথাযথ আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে।
বুধবার সংসদে অটিস্টিকদের অধিকার ও কল্যাণের জন্য ‘নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট বিল-২০১৩’ সংসদে উত্থাপন করা হয়েছে।
বিলটি উত্থাপন করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। পরে এটি তিন দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
গত ৭ অক্টোবর বিলটিতে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
প্রতিবন্ধীদের সনাক্তকরণ, প্রতিবন্ধিতার মাত্রা নিরূপণ, সহায়তা দেয়া, পারিবারিক সুবিধা বঞ্চিতদের জীবনব্যাপী পরিচর্যা, অভিভাবকদের মৃত্যুর পরে পরিচর্যা, নিরাপত্তা ও পুর্নবাসনসহ বিভিন্ন বিষয় বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিলে চার ধরণের প্রতিবন্ধিতাকে নিউরো-ডেভেলপন্ট প্রতিবন্ধিতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো-অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস, ডাউন সিনড্রোম, বুদ্ধিপ্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি।
বিলে প্রতিবন্ধীদের সুরক্ষায় ট্রাস্ট গঠনের বিধানর রাখা হয়েছে। ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভাপতি হবেন প্রধানমন্ত্রী।
