সিলেটে ভিকটিম সাপোর্ট সেন্টারের যাত্রা শুরু
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রোববার থেকে যাত্রা শুরু হলো সিলেটে নির্যাতিত নারী ও শিশুদের সহায়তা কেন্দ্র ভিকটিম সাপোর্ট সেন্টারের।
দুপুরে এর কার্যক্রমের উদ্ধোধন করেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান। গতমাসে সহায়তা কেন্দ্রটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় স্থাপিত এ সহায়তা কেন্দ্রে সিলেট বিভাগের চার জেলা ও মহানগর পুলিশের ছয় থানার নির্যাতিতরা সহায়তা পাবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ সাপোর্ট সেন্টারে কিভাবে সেবা কার্যক্রম চলবে তা নিয়ে সকালে নগরীর একটি হোটেলে এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভুইয়া, অতিরিক্ত ডিআইজি শাখাওয়াত হোসাইন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন, সিলেটের পুলিশ সুপার নুরে আলম প্রমুখ।
পরে ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, এখন থেকে এই বিভাগের নির্যাতিত নারী ও শিশুরা এই সাপোর্ট সেন্টার থেকে সার্বিক নিরাপত্তা পাবে।
