‘খোকার বক্তব্য ফৌজদারি অপরাধের শামিল’
দা-কুড়াল নিয়ে দলীয় নেতা-কর্মীদের রাস্তায় নামার যে আহ্বান বিএনপি নেতা সাদেক হোসেন খোকা জানিয়েছেন, তা ফৌজদারি অপরাধের শামিল বলে মনে করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “২৫ অক্টোবরের পর দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায় সাদেক হোসেন খোকা এবং বিএনপিকেই নিতে হবে।”
বিরোধী দলের ২৫ অক্টোবরের জনসভায় বাধা না দিতে সরকারকে হুঁশিয়ার করে খোকা সোমবার বলেন, “পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালালে তার পাল্টা জবাব দেয়া হবে। দা,-কুড়াল,-বল্লম,-খন্তা,-লাঠিসোঁটাসহ যা কিছু আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
তার ওই বক্তব্যের পর সোমবার রাত ও মঙ্গলবার দুপুরে খোকার গোপীবাগের বাড়িতে পুলিশ দুই দফা তল্লাশি চালায় বলেও অভিযোগ করেছে বিএনপি।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নির্বাচনের দিন গণনার শুরুর দিন ২৫ অক্টোবর ঢাকায় জনসভার ঘোষণা দিয়েছে। সেদিন আওয়ামী লীগও রাজপথে থাকার ঘোষণা দেয়ায় দেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এ বিষয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, প্রশাসন যদি অনুমতি দেয় তাহলেই ২৫ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির জনসভা হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার আলোচনা সভায় বক্তব্য দেন।
