রামপালে বিদ্যুৎকেন্দ্র দ্রুত স্থাপনের দাবি
রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালুর দাবি জানিয়েছে মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি।
শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এ সমন্বয় কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমন্বয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের সম্ভাবনা দেখা দিলে স্বার্থান্বেষী মহল বাধাগ্রস্ত করতে ফন্দি-ফিকির করে থাকে।”
রামপাল অঞ্চলে এই তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হওয়ার সাথে সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষের কর্মসংস্থান হবে এবং মংলা বন্দর আন্তির্জাতিক বন্দর হিসেবে পূর্ণাঙ্গতা পাবে বলে দাবি করেন তিনি।
পরিবেশের ক্ষতির আশঙ্কায় রামপালে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করে আসছে তেল-গ্যাস রক্ষা কমিটি। গত ৫ অক্টোবর এ তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
১৯৯৩ সাল থেকে মংলা বন্দর সংশ্লিষ্ট কাজে যুক্ত এই সমন্বয় কমিটির সংবাদ সম্মেলনে বলা হয়, এ বিদ্যুৎ কেন্দ্র চালু হলে মংলা বন্দর দিয়ে প্রতি মাসে দেড় থেকে দুই লাখ মেট্রিক টন কয়লা আমদানি হবে।
পরবর্তীতে বিদ্যুৎ কেন্দ্রটি ৫ হাজার মেগাওয়াটে উন্নীত হলে ৪-৫ লাখ মেট্রিক টন কয়লা মংলা বন্দর দিয়ে আমদানি হবে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল অর্থনৈতিকভাবে ব্যাপক সমৃদ্ধ হবে।
এতে শ্রমিক, ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ লাভবান হবে, কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এ অঞ্চল।
কয়লা ভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে প্রায় ২০ কিলোমিটার এরিয়াল দূরত্বে স্থাপন করা হচ্ছে উল্লেখ করে তারা দাবি করেন, ‘এতে জীববৈচিত্রের ন্যূনতম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।’
এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই প্রকল্পটির কাজ শুরু করা হয়েছে।
ওয়ার্ল্ড কোল অর্গাসাইজেশনের সমীক্ষাসহ বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন এ সংগঠনের সভাপতি সৈয়দ মোসতাহেদ আলী, সহ-সভাপতি আনোয়ারুল হক তারিক, মো. সুলতান হোসেন খান ও মো. ওয়াহিদুজ্জামান খান পল্টু, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল আলম ও সাঈদ আহমেদ তুষার, কোষাধ্যক্ষ এস এম আকবর হোসেন ও অন্যরা।
স্টিভেডরস অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন, ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন নিয়ে এ সমন্বয় কমিটি গঠিত।
