২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরেকটি ১/১১ সম্ভব নয়’

নির্বাচন নিয়ে রাজনৈতিক সঙ্কট চললেও ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি সম্ভভপর  নয় বলে মনে করছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 12:55 AM

Updated : 23 Aug 2022, 07:03 PM

তিনি বলেছেন, “বর্তমান সংবিধানেই অসাংবিধানিক কোনো শক্তির হস্তক্ষেপ করার বন্ধ করা আছে। কেউ যদি অতি আগ্রহী হয়ে কিছু করতেও চায় তবে সর্বোচ্চ শাস্তির বিধান থাকায় সেটা প্রাতিষ্ঠানিকভাবে করা সম্ভব নয়।”

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ‘শেষ’ বৈঠক শেষে নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন তিনি।

ইদ্রিস আলী বলেন, “সশস্ত্র বাহিনীতে মেজর জিয়ার (২০১১ সালের ডিসেম্বরে সেনাবাহীনিতে অভ্যূত্থান চেষ্টার সঙ্গে জড়িত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক) মতো কিছু ব্যক্তি থাকতে পারে। কিন্তু ওইসব ব্যক্তির কোনো চেষ্টা প্রাতিষ্ঠানিক রূপ পাবে না।”

২০১২ সালের ১৯ জানুয়ারি সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, সরকার উৎখাতে ধর্মান্ধ কয়েকজন সেনা কর্মকর্তার একটি অভ্যুত্থান পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

সে সময়ই প্রবাসী ব্যবসায়ী ইশরাক আহমেদ ও মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের নাম আসে, যারা ওই অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়।

এক প্রশ্নের জবাবে ইদ্রিস আলী বলেন, “কমিটির শেষ বৈঠকে আমি সকলকে বলেছি, ক্ষমতায় যেই থাকুক না কেন, আমাদের সবার কাজ গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করা। আজ আমরা আছি, কাল অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারে। উদ্দেশ্য ঠিক থাকলে সফলতা আসবেই।”

তার এই বক্তব্যের সঙ্গে তিন বাহিনীর প্রধানরা একমত পোষণ করেছেন বলেও জানান কমিটির সভাপতি।   

গত ১৫ এপ্রিল সংসদীয় কমিটির বৈঠকে তিন বাহিনীর প্রধানরা বলেন, দেশের চলমান সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনী তাদের ‘শপথ অনুযায়ী’ কাজ করবে।

গত ২৪ মার্চ বগুড়ায় এক জনসভায় বিরোধী নেত্রী খালেদা জিয়া বলেন, “আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। তারা সময়মত দায়িত্ব পালন করবে।”

খালেদা এই বক্তব্যের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিএনপির পক্ষ থেকে বলা হয়, বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য গণমাধ্যমে যথাযথভাবে প্রকাশিত হয়নি।

চলমান রাজনৈতিক ‘সঙ্কটের’ মধ্যেও বিভিন্ন মহলের আশঙ্কা ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতির তৈরি হতে পারে।

এ বিষয়ে ইদ্রিস আলী বলেন, “২০০৬ সালের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয়। তাছাড়া আমাদের সংবিধানই বলছে অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতায় আসলে তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।”

সংবিধানের ৭ (ক) অনুচ্ছেদে বলা আছে, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে কিংবা করার উদ্যোগ বা ষড়যন্ত্র করলে ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।

দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। বাংলাদেশ দণ্ডবিধিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

এম ইদ্রিস আলীর সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠকে সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মঞ্জুর কাদের কোরাইশী অংশ নেন। 

এছাড়া বৈঠকে সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌ প্রধান ভাইস এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।