খুন হওয়া রেলকর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা লুট
কমলাপুর স্টেশনে খুন হওয়া টিকিটকর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা লুট হয়েছে বলে জানিয়ে রেল মন্ত্রণালয়।
ঈদ-পূজার ব্যস্ততার মধ্যে দেশে রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু রাজধানীর প্রধান স্টেশনে একটি টিকিট কাউন্টারে শনিবার ভোরে ওই রেলকর্মীর লাশ পাওয়া যায়।
মো. ইস্রাফিল (৫৫) নামে ওই কর্মীকে শ্বাসরোধে হত্যার পর টিকিটঘর বাইরে থেকে তালা মেরে যায় দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
দায়িত্বে অবহলোর জন্য রেল পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম জানিয়েছেন।
ঈদ ও পূজা ঘিরে এবার রেল টিকিটের চাহিদা অন্যবারের চেয়ে বেশি। কমলাপুরে আগাম টিকিট বিক্রি হচ্ছে কয়েকদিন ধরে। টিকিটের জন্য রাতেও মানুষকে স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
মন্ত্রণালয়ের কর্মকর্তা শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রেলকর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।”
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোরে ইস্রাফিলের লাশ কমলাপুরের একটি অস্থায়ী কাউন্টার থেকে উদ্ধার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইস্রাফিল গতকাল (শুক্রবার) টিকিট বিক্রি করে ওই কাউন্টারের সঙ্গে থাকা ছোট্ট একটি কামরায় ঘুমিয়েছিল। রাতের কোনো একসময় দুবৃর্ত্তরা ঢুকে তাকে বেঁধে শ্বাসরোধে হত্যার পর বাইরে থেকে কাউন্টারে তালা মেরে যায়।”
নিহত ইস্রাফিল রেলওয়ের মাস্টার রোলের কর্মচারী। তার হত্যাকাণ্ডের খবর পেয়ে সকালে রেলমন্ত্রী মুজিবল হক ঘটনাস্থলে যান। তিনি এই হত্যাকাণ্ড তদন্তের নির্দেশ দেন।
