২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনদ দিতে চিকিৎসকদের ‘ভুয়া সংগঠন’

চিকিৎসা সংক্রান্ত কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, তাতে কী। নিজেরাই নিজেদের ডিগ্রি দেবেন তাই গড়েছেন সংগঠন। আর এই সংগঠনে নিবন্ধন নিয়ে দিব্যি ‘চিকিৎসা’ দিয়ে যাচ্ছিলেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 11:01 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

শনিবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় এমনই আট ভুয়া চিকিৎসক, যাদের সবাই ওই সংগঠনের সদস্য। 

২০১০ সালের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট অনুসারে বিএমডিসির নিবন্ধন না পেলে কেউ অ্যালোপেথি চিকিৎসক হিসেবে ব্যবস্থাপত্র লিখতে পারেন না। এজন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হয়।

‘ন্যাশনাল মেডিক্যাল সোসাইটি অব বাংলাদেশ’ নামে সদ্য আবিষ্কৃত এই সংগঠনের শতাধিক সদস্য আছেন। আর তাদের সবাই ‘ভুয়া চিকিৎসক’।

র‌্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছেন এই সংগঠনের সভাপতি এম এইচ কবির, সাধারণ সম্পাদক এম জি ভুঞা ও সহ-সভাপতি নেপাল দাশকে।

গ্র্রেপ্তারকৃতদের কাছ থেকে এই সংগঠনের গঠনতন্ত্রও উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের দুই বছরের কারাদ- ও এক লাখ টাকা করে জরিমানা করেছে।

অভিযান পরিচালনাকারী র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ভুয়া চিকিৎসকদের মধ্যে এমন লোকও আছেন যিনি দুই দশকের বেশি সময় ধরে চিকিৎসক পরিচয়ে রোগী দেখছেন।

“তারা যেহেতু বিএমডিসি’র নিবন্ধন পাবেন না তাই নিজেরাই একটি ভুয়া সংগঠন গড়েছেন। এই সংগঠন থেকে ভুয়া চিকিৎসকদের নিবন্ধন দেয়া হয়।’

নাজমুল হক বলেন, সংগঠনটির কমিটির মধ্যে থেকে তিন জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। নামের আগে ডাক্তার লেখার জন্য এরা উচ্চ আদালতে রিট করেছেন বলেও জানিয়েছেন।

গ্রেপ্তার নেপাল দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, “আমরা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি ঢাকার উত্তরার একটি বিশ্ববিদ্যালয় এবং ভারতে।”

এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুয়া চিকিৎসকদের এ ধরনের সংগঠন আগে কখনো পাওয়া গেছে বলে আমার জানা নেই।”  

র‌্যাব কর্মকর্তা নাজমুল হক জানান, গ্রেপ্তার আট জনের মধ্যে শুধু উচ্চ মাধ্যমিক পাস এমন লোকও আছেন। এরা চিকিৎসক হিসেবে যেসব সনদ দেখিয়েছেন তাও দেশের ও ভারতের কোনো কোনো প্রতিষ্ঠানের ভুয়া সনদ।

“অধিকাংশ ক্ষেত্রেই এরা কোনো ওষুধের দোকানে বা চিকিৎসকের সহকারী হিসেবে কিছু দিন কাজ করে ওষুধ সম্পর্কে ধারণা পান। সকালে সাধারণত চিকিৎসকরা চেম্বারে বসেন না। এ সুযোগে তারা সকালে রোগী দেখেন।”

এই ভুয়া সংগঠনের বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মজিবুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরকম কোনো বৈধ সংগঠনের অস্তিত্ব নেই। ওষুধের দোকানে চাকরি করে কিছু প্রতারক চিকিৎসক সেজে বসেন।

নগরীর কয়েকটি স্থানে এখনো রোগী দেখা এরকম কয়েকজন ভুয়া চিকিৎসকের বিষয়ে বিএমএ’র পক্ষ থেকে সিভিল সার্জন কার্যালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।