দুর্ঘটনায় পাটকলের ২ শ্রমিক নিহত
নরসিংদী সদরে ঢাকা-নরসিংদী মহাসড়কে বাসের ধাক্কায় অটোবাইক আরোহী দুই পটকলশ্রমিক নিহত হয়েছেন। আহত হন পাঁচ জন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে খাটেহারা এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন ‘ইউএমসি জুট মিলের’ শ্রমিক সেলিম মিয়া (৩০) ও ছানাউল্লাহ (৫০)।
গুরুতর আহত অটোবাইক চালক কুদ্দুস আলীকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বাকি চারজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নরসিংদী সদর মডেল থানার এসআই আব্দুর রউফ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ভোর সোয়া ৫টার দিকে পাটকলটির সাতজন শ্রমিক অটোবাইকে করে সকালের শিফটের কাজে যাচ্ছিলেন।
পথে বিপরীতমুখী ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটো বাইকটিকে ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সেলিম ও ছানাউল্লাহর মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
