চট্টগ্রাম থেকে উড়ল প্রথম হজ ফ্লাইট
চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো চারশ’র বেশি হজ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে।
সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি।
সকালে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান।
মন্ত্রী বলেন, এবছর প্রথমবারের মতো বাংলাদেশ বিমানের সাতটি বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম থেকে পাঁচ হাজার হজ যাত্রী নিয়ে সৌদি আরব নেয়া হবে। আবার হজ শেষে যাত্রীদের নিয়ে চট্টগ্রামে ফিরে আসবে ফ্লাইটগুলো।
এ সাতটি বিমানের পাশাপাশি সাধারণ বিমানেও চট্টগ্রাম থেকে হজ যাত্রীরা সৌদি আরব যাবেন এবং সিলেট থেকেও বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে হজ যাত্রীরা সৌদি আরব যাবেন বলে জানান বিমানমন্ত্রী।
আগামী বছর বাংলাদেশ বিমানে আরো দুটি বোয়িং ৭৭৭ যুক্ত হচ্ছে জানিয়ে ফারুক খান বলেন, এর একটি আগামী ফেব্রুয়ারি ও অন্যটি মার্চ মাসে পাওয়া যাবে।
আগামী বছর থেকে হজ যাত্রী পরিবহনের জন্য বিমান ভাড়ার প্রয়োজন হবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি বলেন, আগামী বছর হজ ফ্লাইটে চারটি বোয়িং ৭৭৭ থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক সালমান সিদ্দিকী, হাবের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, বিমানবন্দর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।
বিমানের যাত্রী হাটহাজারি লাঙ্গলমোরা শামসুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সালেহ আহমদ আনসারী বলেন, “শঙ্কা থাকলেও চট্টগ্রাম থেকে এবছর হজ ফ্লাইট চালু হয়েছে। এতে চট্টগ্রামের হজ যাত্রীরা উপকৃত হয়েছে।”
