মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ২১ অক্টোবর
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব ও এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
তিনি বলেন, ওই দিন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদে, জেলা/মহানগর কমান্ডে ১৭টি পদে এবং উপজেলা কমান্ডের ১১টি পদে ভোটগ্রহণ হবে।
তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিল করতে হবে আগামী ২৬ সেপ্টেম্বর, বাছাই হবে ২৮ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৩ অক্টোবর।
খসড়া ভোটার তালিকায় সারাদেশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার। আর মোট ভোটকেন্দ্র ৫০৭টি।
সরকারি-কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না- জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এটা অরাজনৈতিক সংগঠন হওয়ায় তারা অংশ নিতে পারবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।”
মুক্তিযোদ্ধা সংসদের প্রথম নির্বাচন হয়েছিল ২০১০ সালের জুনে।
