২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশীকে বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানোর নির্দেশ

স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার তাদের মেয়ে ঐশী রহমানের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

বয়স ১৮ বছরের বেশি প্রমাণিত হওয়ায় ঐশীকে গত কিছুদিন ধরে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

আদালত বলেছে, পুলিশের কাছে আত্মসমর্পনের আগ পর্যন্ত ঐশীর মাদক গ্রহণের বিষয়ে বিস্তারিত জেনে ‘গভীর মূল্যায়ন’ করতে হবে। গত ১৬ অগাস্ট তার বাবা-মার মৃত্যুর আগে, ঘটনার সময় এবং ঘটনার পর থেকে আত্মসমর্পণের আগ পর্যন্ত তার মানসিক অবস্থারও ‘মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছে আদালত।

পাশাপাশি বঙ্গবন্ধু মেডিকেলে প্রয়োজনে ঐশীর মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছে আদালত।

রিটের বিবাদী স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব, মুখ্য মহানগর হাকিম, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পল্টন থানার ওসি, ঐশীর মামলার তদন্ত কর্মকর্তাকে এই আদেশ বাস্তবায়ন করতে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার পক্ষে বিএম ইলিয়াস চলতি সপ্তাহের শুরুতে এই রিট আবেদন করেন। আদালতে রিটকারী নিজেই শুনানি করেন।

গত ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ পায় পুলিশ।

তার আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ঐশী ১৭ অগাস্ট পুলিশের কাছে ধরা দিলে তাকে রিমান্ডে পাঠায় আদালত।

গত ২৪ অগাস্ট রিমান্ড শেষ ঐশী মহানগর হাকিম আনোয়ার সাদাতের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দি প্রত্যাহারের জন্য গত ৬ সেপ্টেম্বর আদালতে আবেদনও করেছেন তিনি। 

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বাবা-মাকে একাই হত্যা করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ঐশী।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ঐশীর বয়স বিদ্যালয়ের নথি অনুযায়ী ১৮ বছরের কম হওয়ায় তাকে রিমান্ডে নেয়ায় শিশু আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই সমালোচনার মধ্যে আদালতের অনুমতি নিয়ে গত ২১ অগাস্ট ঢাকা মেডিকেলের চিকিৎসকদের মাধ্যমে তাদের বয়স পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে চিকিৎসকরা জানান, ঐশীর বয়স ১৯ এর কাছাকাছি।

পুরনো খবর:

ঐশীর জামিন নাকচ, জবানবন্দি প্রত্যাহারের আবেদন