২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশীর জামিন নাকচ, জবানবন্দি প্রত্যাহারের আবেদন

এসবি কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যা মামলায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন তাদের মেয়ে ঐশী রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 01:15 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

তবে ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।

জামিন আবেদনের শুনানির জন্য ঐশীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করার পর তিনি ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করেন।

আবেদনে বলা হয়, পুলিশ নির্যাতনের মাধ্যমে তাকে ওই জবানবন্দি দিতে বাধ্য করে।

ঐশীর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন তার আইনজীবী মাহাবুব হাসান রানা ও এটি এম আসাদুজ্জামান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন হাফিজুর রহমান তোতা ও আযাদ রহমান।

শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দেন এবং জবানবন্দি প্রত্যাহারের আবেদন নথিভুক্ত করার আদেশ দেন।

মাহাবুব হাসান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঐশী রহমান তার আবেদনে বলেছেন, রিমান্ডে মৃত্যুর ভয় দেখিয়ে, নেশা খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে বাবা-মায়ের হত্যাকারী হিসাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে। পুরুষ পুলিশ সদস্যরা তাকে প্রহারও করেছে।”

গত ২৪ অগাস্ট রিমান্ড শেষ ঐশী মহানগর হাকিম আনোয়ার সাদাতের খাস কামরায় ওই জবানবন্দি দেন।

পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ঐশী একাই তার বাবা-মাকে হত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গত ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ পায় পুলিশ।

তার আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ঐশী ১৭ অগাস্ট পুলিশের কাছে ধরা দিলে তাকে রিমান্ডে পাঠায় আদালত।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ঐশীর বয়স বিদ্যালয়ের নথি অনুযায়ী ১৮ বছরের কম হওয়ায় তাকে রিমান্ডে নেয়ায় শিশু আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই সমালোচনার মধ্যে আদালতের অনুমতি নিয়ে গত ২১ অগাস্ট ঢাকা মেডিকেলের চিকিৎসকদের মাধ্যমে তাদের বয়স পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে চিকিৎসকরা জানান, ঐশীর বয়স ১৯ এর কাছাকাছি।

ঐশীকে বর্তমানে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। তাদের বাসার গৃহকর্মী খাদিজা খাতুন সুমীও ওই কারাগারে আছে।

পুলিশ বলছে, ঐশীর চাপে সুমি হত্যাকাণ্ডে সহযোগিতা করতে বাধ্য হয়।

পুরনো খবর:

সুমীর জামিন আবেদনও নাকচ
ঐশীর বয়স ১৯, সুমীর ১১
জবানবন্দি দেয়ার পর ঐশী কারাগারে
বাবা-মাকে একাই হত্যা করে ঐশী: পুলিশ
ঐশীর জামিনের আবেদন