২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমীর জামিন আবেদনও নাকচ

এসবি কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যা মামলায় তাদের বাসার গৃহকর্মী খাদিজা খাতুন সুমীর জামিন আবেদনও নাকচ করেছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 06:27 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

ঢাকার মহানগর হাকিম ও শিশু আদালতের বিচারক আনোয়ার সাদাত বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানি করে এই আদেশ দেন। 

বিচারক আদেশে বলেন, মামলাটি যেহেতু প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে, সেহেতু এই মুহূর্তে তার জামিন হবে না।

সুমীর পক্ষে আদালতে শুনানি করেন তার আইনজীবী সৈয়দ নাজমুল হুদা। আর রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকতা উপ পরিদর্শক গাফ্ফারুল আলম।

গত ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ পায় পুলিশ।

তাদের মেয়ে ঐশী রহমান তার ছোট ভাই ঐহী রহমান ও সুমীকে নিয়ে  আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর ১৭ অগাস্ট পুলিশের কাছে ধরা দেন ঐশী। বাড্ডা থেকে আটক করা হয় সুমীকেও। পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে ঐশী। আর তার চাপে বাধ্য হয়ে সুমী এ কাজে সহযোগিতা দিয়েছে। 

অন্যদিকে সুমী বৃহস্পতিবার আদালতের কাছে ১৬৪ ধারায় দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। তবে জামিন আবেদনও নাকচ করে দিয়েছে আদালত।  

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ঐশীর বয়স বিদ্যালয়ের নথি অনুযায়ী ১৮ বছরের কম হওয়ায় তাকে এবং শিশু সুমীকে রিমান্ডে নেয়ায় শিশু আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই সমালোচনার মধ্যে আদালতের অনুমতি নিয়ে গত ২১ অগাস্ট ঢাকা মেডিকেলের চিকিৎসকদের মাধ্যমে তাদের বয়স পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলে চিকিৎসকরা জানান, ঐশীর বয়স ১৯ এর কাছাকাছি, আর সুমীর প্রায় ১১। 

তাদের দুজনকেই কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

পুরনো খবর:

ঐশীর বয়স ১৯, সুমীর ১১
বাবা-মাকে একাই হত্যা করে ঐশী: পুলিশ