চাঁদপুরে মেঘনায় ভাঙন
চাঁদপুর শহরের পুরানবাজারে মেঘনা নদীতে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় পুরানবাজারের দোলমন্দির এলাকায় প্রায় ৩৫ ফুট জায়গা নদীগর্ভে চলে গেছে। এ সময় আতঙ্কিত স্থানীয় লোকজন বসতঘরসহ স্থাপনা অন্যত্র সরিয়ে নিয়ে যায়।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সালাউদ্দিন মো. বাবর বলেন, কোনোকিছু বুঝে ওঠার আগেই বেশকিছু এলাকা নদীতে বিলীন হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শহর সংরক্ষণ উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুজ্জামান খান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান ও স্থানীয় পৌর কাউন্সিলর নজরুল ইসলাম বেপারী।
পাউবো কর্মকর্তা আরিফুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ভাঙনস্থলে তাৎক্ষণিকভাবে বালিভর্তি ব্যাগ ও ব্লক ফেলানোর প্রক্রিয়া চলছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ভাঙনস্থলের কাছেই বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও কিছু বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সেসব নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম চলছে।
