ভারতে জেল খেটে ফিরে আবার জেলে
অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে ২৮ বাংলাদেশি যুবককে সীমান্ত দিয়ে ‘ঠেলে দিয়েছে’ বিএসএফ।
রোববার দুপুরে অবৈধভাবে সাদিপুর সীমান্ত পাড়ি দিয়ে দেশে ঢোকার অভিযোগে বিজিবি তাদেরকে আবার আটক করে বেনাপোল থানা-পুলিশে দিয়েছে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, ভারতের কোথায় থেকে তারা কিভাবে এপাড়ে এসেছে সেটা দেখার বিষয় না। অবৈধ পথে দেশে প্রবেশের অভিযোগে সাদিপুর থেকে তাদের আটক করা হয়েছে।
এরা হলেন- খুলনার সুচিত্র রায় (২৬), সবুজ বৈরাগী (২২), মাগুরার হাদিউজ্জামান (২১), গিরিধারী রায় (২২), টাঙ্গাইলের লাল মিয়া (২৪), ঢাকার শাহাবুদ্দিন (৪৭), গোপালগঞ্জের রজত বিশ্বাস (২৫), লিটু মিয়া (৩০), যশোরের সুশান্ত বিশ্বাস (৪০), মিলন (২৮), বিধান বিশ্বাস (২৪), আলমগীর হোসেন (২৩), জামাত আলী (৪০), কাশেম আলী (৪৬), শরিফুর (২২), রবিউল (৩০), রিপন মড়ল (২০), সাহেব আলী (৪০), হালিম ম-ল (১৯), লাভলু হোসেন (২০), আলমগীর (৩০), নূর ইসলাম (৪৭), কামাল (১৮), সহিদুল শেখ (২৪), সাতক্ষীরার মন্টু গাজী (২৫), সবুর আলী (২২), ফরিদপুরের জামিল শেখ (২৪) ও কুষ্টিয়ার মহেশপুরের সাইদুর রহমান (৩৫)।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দালালের খপ্পরে পড়ে তারা অবৈধ পথে ভারতে যান এবং সেখানে পুলিশের হাতে আটক হন।
আদালত তাদের ১৬ মাস কারাদ- দেয়। সাজার মেয়াদ শেষে বিএসএফ তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বলে জানান এসআই আব্দুল আজিজ।
তিনি জানান, তবে বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে থানায় হস্তান্তর করেছে।
থানা হাজতে থাকা সুচিত্র রায়, সবুজ বৈরাগী ও গোপালগঞ্জের লিটু মিয়া সাংবাদিকদেরকে জানান, তারা ভাল কাজের আশায় দেড় বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যান।
পরে তারা আদালতের রায়ে ১৬ মাস কলকাতার দমদম সেন্ট্রাল জেলে হাজতবাস করেন।
সাজাভোগ শেষে গত শনিবার জেল পুলিশ ২৮ বাংলাদেশিকে ভারতের পেট্রাপোল হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে বলে জানান ওই তিন যুবক।
তারা আরো জানান, পরে রাত ১০টার দিকে কাঁটাতারের বেড়া খুলে সাদিপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি তাদেরকে আটক করে।
