২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি সঙ্কট কাটাতে তদন্ত কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একাংশের আন্দোলনের ফলে সৃষ্টি পরিস্থিতি থেকে উত্তরণ এবং শিক্ষার সার্বিক পরিবেশ নিশ্চিত করতে দুই সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির সদস্য এম মহিবুর রহমানকে আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কলেজ) মোহাম্মদ আহসানুল জব্বারকে সদস্য করে সোমবার এ কমিশন গঠন করা হয়।

কমিশনকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশে এ কমিশন গঠন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে গত ২৪ অগাস্ট শিক্ষামন্ত্রীর বৈঠকে এ কমিশন গঠনের সিদ্ধান্ত হয়।

দেড় বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে আন্দোলন গড়ে তুললে তখনো শিক্ষামন্ত্রীর উদ্যোগে এ ধরনের একটি বৈঠক হয়েছিল।

অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে গত বছর ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে। পরে তিনি নির্বাচনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী হন।

কিন্তু বছর না ঘুরতেই শিক্ষক সমিতি তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়। এরই এক পর্যায়ে হাই কোর্ট সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে বাধা না দেয়ার নির্দেশ দিলে পিছু হটে শিক্ষক সমিতি।

এরপর ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ব্যানারে নতুন কৌশলে আন্দোলন শুরু হয়, যাতে অধ্যাপক শরীফ এনামুল সমর্থকদের সঙ্গে সক্রিয় হন বিএনপি সমর্থক শিক্ষকরাও।

উপাচার্যের পদত্যাগ দাবিতে ২১ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত টানা চার দিন তাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের ধর্মঘটে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।     

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সচল করতে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

২৪ অগাস্ট রাতে ওই বৈঠকের পর আন্দোলনরত শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে তারা ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন। টানা চারদিন আটকে থাকার পর ওই রাতেই মুক্তি পান উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

পুরনো খবর:

জাবি শিক্ষকদের আন্দোলন স্থগিত, ভিসি মুক্ত
প্রাণ ফিরেছে জাহাঙ্গীরনগরে