প্রাণ ফিরেছে জাহাঙ্গীরনগরে
শিক্ষামন্ত্রীর আশ্বাসে উপচার্য বিরোধী আন্দোলনে থাকা শিক্ষকরা কর্মসূচি স্থগিত করায় চার দিন পর সচল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে ক্লাস চলছে স্বাভাবিক নিয়মে। শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক।
উপাচার্যের সচিব মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার প্রশাসনিক ভবনের সবাই অফিস করেতে এসেছেন। সব আগের মতো আছে।”
গত ২১ অগাস্ট বুধবার থেকে ২৪ অগাস্ট শনিবার পর্যন্ত টানা চার দিন পদত্যাগের দাবিতে উপাচার্য আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা। অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকসহ সব কার্যক্রম।
সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকরা হুমকি দেন ২৬ অগাস্টের মধ্যে উপাচার্য পদ না ছাড়লে তাকে ‘বাধ্য’ করা হবে।
অন্যদিকে অনড় উপাচার্য বলেন, শিক্ষকদের দাবি অনৈতিক ও অন্যায্য। এই ধরনের দাবির মুখে তিনি পদত্যাগ করবেন না।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়কে সচল করতে আন্দোলনকারী শিক্ষকদের সঙেগ্ শনিবার বিকাল পৌনে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পরে ক্যাম্পাসে ফিরে রাত ১২টার দিকে শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে তারা ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন।
অবশ্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত স্থায়ী হওয়ার আশা প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার উপাচার্যের সঙ্গে কথা বলতে চাইলেও তাকে পাওয়া যায়নি। চারদিন নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর ‘মুক্তি’ পেয়ে তিনি ঢাকা গেছেন বলে জানানো হয়েছে।
দেড় বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে আন্দোলন গড়ে তুললে তখনো শিক্ষামন্ত্রীর উদ্যোগে এই ধরনের একটি বৈঠক হয়েছিল।
এনামুল কবির পদত্যাগ করলে গত বছর ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে। পরবর্তীতে তিনি নির্বাচনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী হন।
