২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষকদের আন্দোলন স্থগিত, ভিসি মুক্ত

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 12:22 AM

Updated : 13 Oct 2022, 02:56 PM

পুরনো খবর:

‘শিক্ষার্থীদের ক্ষতি করে আন্দোলন সমর্থনযোগ্য নয়’
‘অন্যায্য’ দাবিতে পদত্যাগ নয়: জাবি ভিসি

উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়কে সচল করতে শনিবার বিকাল পৌনে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষামন্ত্রীর বাড়িতে এই বৈঠক হয়।

পরে ক্যাম্পাসে ফিরে রাত ১২টার দিকে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন সাধারণ শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় চারটি সিদ্ধান্ত হয়েছে।

“এর মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন অভিযোগ আমলে নেয়া হবে, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল, তিন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা রিট তুলে নেয়ার ব্যবস্থা করা এবং সব বিষয় বিবেচনায় ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত।”

এ পর্যায়ে সাংবাদিকরা তার কাছে জানতে চান- তাহলে উপাচার্য কি এখন থেকে মুক্ত? জবাবে অধ্যাপক হানিফ বলেন, “এখন থেকেই ভিসি মুক্ত। তাকে আমরা কোনো রকম বাধা দেব না।”

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপাচার্য আনোয়ার হোসেন এ ধরনের পদক্ষেপের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আশা করছি শিক্ষকদের এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত স্থায়ী হবে।”

এর আগে রাত ১০টায় বৈঠক শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি। শিক্ষকদের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা তাদের আশ্বস্ত করতে চেষ্টা করেছি।”

তাদের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা শিক্ষকদের অনুরোধ করেছি, তারা যেন বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করে নেন।”

এ সময় আন্দোলনরত শিক্ষকরাও তার সঙ্গে ছিলেন।

শিক্ষক ফোরামের সভাপতিও একই সময় জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

শিক্ষকরা দাবি জানিয়ে এলেও আনোয়ার হোসেন পদত্যাগ না করার বিষয়ে অনড় ছিলেন।

দেড় বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে আন্দোলন গড়ে তুললে তখনো শিক্ষামন্ত্রীর উদ্যোগে এই ধরনের একটি বৈঠক হয়েছিল।

অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে গত বছর ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে। পরবর্তীতে তিনি নির্বাচনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী হন।

অধ্যাপক আনোয়ারবিরোধী আন্দোলনে অধ্যাপক শরীফ এনামুল কবির সমর্থকদের সঙ্গে সক্রিয় রয়েছেন বিএনপি সমর্থক শিক্ষকরাও।