২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষার্থীদের ক্ষতি করে আন্দোলন সমর্থনযোগ্য নয়’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শিক্ষাবিদসহ বিশিষ্ট জনরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার পাঠানো এই বিবৃতিতে তারা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ‘অক্ষুণ্ন’ রেখে অচলাবস্থা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

বিবৃতিদাতাদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীও রয়েছেন।

উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ব্যানারে একদল শিক্ষকের আন্দোলনে অচল হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

গত চারদিন ধরে নিজের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন অধ্যাপক আনোয়ার। তার পদত্যাগ দাবিতে ধর্মঘটও চালিয়ে যাচ্ছে শিক্ষক ফোরাম।

বিবৃতিতে বলা হয়, “শিক্ষকদের একাংশের কর্মসূচির কারণে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।

“আন্দোলনকারীগণ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে বাধা দিচ্ছেন এবং নির্বাচিত উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন। একে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারছি না।”

আন্দোলনকারী শিক্ষকদের ‘ন্যায়সঙ্গত’ দাবি থাকলে তা সমাধানে তদন্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সক্রিয় উদ্যোগও প্রত্যাশা করেছেন বিবৃতিদাতারা।

বিবৃতিতে সই করেছেন- অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হাসান আজিজুল হক, কামাল লোহানী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সেলিনা হোসেন. ডা. রশিদ-ই-মাহবুব, ডা. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মাদ।