২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা: এইচআরডব্লিউকে কারণ দর্শানোর নির্দেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ দেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ মানবাধিকার সংস্থার পরিচালনা পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে তিন সপ্তাহের মধ্যে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে হবে।

বিষয় তিনটি হলো- গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে অনৈতিকভাবে পাঁচটি অবৈধ মন্তব্য এবং আপিল বিভাগের বিচারাধীন দুটি মামলার বিষয়ে মনগড়া মন্তব্য করা; ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ না করে ‘মনগড়া ভিত্তিহীন মিথ্যা, দূরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রকাশ করে বিচারকদের ভূমিকা এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা; এবং ইচ্ছাকৃত ও অনৈতিকভাবে তাদের প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের বিচারকদের সুনাম ও মর্যাদাহানি করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ আদেশের অনুলিপি পাঠানোরও নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল।

বিচারক এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন আগামী ৩০ সেপ্টেম্বর।

এক বিবৃতিতে গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় গত ২০ অগাস্ট এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও তুরিন আফরোজসহ কয়েকজন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন।

গত ২২ অগাস্ট এ আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহামুদ সিমন, তুরিন আফরোজ ও তাপস কান্তি বল।

তারা বলেন, জনগণের কাছে ট্রাইব্যুনালের ‘আস্থা খর্ব’ করতেই এইচআরডব্লিউর এ ধরনের প্রতিবেদন।

যুক্তরাষ্ট্রের এ সংস্থাটি অাফগানিস্তান, ইরাকসহ অনান্য দেশের ব্যাপারেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করেন প্রসিকিউটররা।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নে নেতৃত্ব দেয়ায় গত ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে বলা হয়, অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হলেও বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় গোলাম আযমকে ওই সাজা দেয়া হয়েছে।

আদালতের ওই রায় নিয়ে প্রশ্ন তুলে গত ১৭ অগাস্ট ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রোসিডিংস’ শীর্ষক একটি বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, যাতে পাঁচটি অভিযোগও তুলে ধরে তারা।

বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের রায় দেয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না। এ মামলায় সংশ্লিষ্ট বিচারক ও প্রসিকিউটররা পক্ষপাতদুষ্ট ছিলেন এবং সমঝোতার ভিত্তিতে রায় দিয়েছেন। আসামিপক্ষের সাক্ষীদের সুরক্ষা দিতে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে এবং বিচারক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে।

গোলাম আযমের রায়ে তাকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাব ছিল বলেও এইচআরডব্লিউ মনে করে।  

ট্রাইব্যুনালে জমা দেয়া প্রসিকিউশনের আবেদনে বলা হয়, গত ১৫ জুলাই ট্রাইব্যুনাল গোলাম আযমের মামলার রায় দেয়ার পর বর্তমানে আপিল বিভাগে মামলাটি বিচারাধীন।

ট্রাইব্যুনালের বিচারকদের প্রশ্নবিদ্ধ করতেই ‘উদ্দেশ্যমূলকভাবে’ এ ধরনের ‘পক্ষপাতদুষ্ট, বানোয়াট ও ভিত্তিহীন’ বিবৃতি দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রসিকিউশনের আবেদনে।

পুরনো খবর:

অবমাননা: এইচআরডব্লিউর বিষয়ে আদেশ ২ সেপ্টেম্বর
অবমাননা: এইচআরডব্লিউকে কারণ দর্শানোর নির্দেশ