অবমাননা: এইচআরডব্লিউর বিষয়ে আদেশ ২ সেপ্টেম্বর
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি না- তা জানা যাবে ২ সেপ্টেম্বর।
এক বিবৃতিতে গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় মঙ্গলবার এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও তুরিন আফরোজসহ কয়েকজন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন।
বৃহস্পতিবার এ আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহামুদ সিমন, তুরিন আফরোজ ও তাপস কান্তি বল।
তারা বলেন, জনগণের কাছে ট্রাইব্যুনালের ‘আস্থা খর্ব’ করতেই এইচআরডব্লিউর এ ধরনের প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের এ সংস্থাটি অাফগানিস্তান, ইরাকসহ অনান্য দেশের ব্যাপারেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করেন প্রসিকিউটররা।
ট্রাইব্যুনালে বিভিন্ন মামলায় জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করে আসা তাজুল ইসলাম শুনানির সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল আইনের ১১ এর ৪ ধারায় এইচআরডব্লিউর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা- জানতে আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনে।
ভবিষ্যতে এ ধরনের বিবৃতি বা প্রতিবেদন প্রচারের ওপর নিষেধাজ্ঞাও চেয়েছেন প্রসিকিউটররা।
এইচআরডব্লিউ পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে এই আবেদনে বিবাদী করা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নে নেতৃত্ব দেয়ায় গত ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ে বলা হয়, অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হলেও বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় গোলাম আযমকে ওই সাজা দেয়া হয়েছে।
আদালতের ওই রায় নিয়ে প্রশ্ন তুলে গত ১৭ অগাস্ট একটি বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, যাতে পাঁচটি অভিযোগও তুলে ধরে তারা।
বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের রায় দেয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না। এ মামলায় সংশ্লিষ্ট বিচারক ও প্রসিকিউটররা পক্ষপাতদুষ্ট ছিলেন এবং সমঝোতার ভিত্তিতে রায় দিয়েছেন। আসামিপক্ষের সাক্ষীদের সুরক্ষা দিতে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে এবং বিচারক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে।
গোলাম আযমের রায়ে তাকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাব ছিল বলেও এইচআরডব্লিউ মনে করে।
ট্রাইব্যুনালে জমা দেয়া প্রসিকিউশনের আবেদনে বলা হয়, গত ১৫ জুলাই ট্রাইব্যুনাল গোলাম আযমের মামলার রায় দেয়ার পর বর্তমানে আপিল বিভাগে মামলাটি বিচারাধীন।
“এরই মধ্যে গত ১৬ অগাস্ট হিউম্যান রাইটস ওয়াচ নামের সংস্থাটি পক্ষপাতদুষ্ট ও অসৎ উদ্দেশ্যে ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রোসিডিংস’ শীর্ষক ওই বিবৃতি প্রকাশ করে।”
ট্রাইব্যুনালের বিচারকদের প্রশ্নবিদ্ধ করতেই ‘উদ্দেশ্যমূলকভাবে’ এ ধরনের ‘পক্ষপাতদুষ্ট, বানোয়াট ও ভিত্তিহীন’ বিবৃতি দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রসিকিউশনের আবেদনে।
শুনানিতে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন বলেন, মানবাধিকারের দাবির ওপর ভিত্তি করেই একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে ত্রিশ লাখ লোক শহীদ হয়েছেন, দুই লাখ মা-বোনের ইজ্জতহানি হয়েছে।সেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
“দুয়েকটি মিডিয়া বাদে অধিকাংশ সংবাদ মাধ্যম ট্রাইব্যুনালের ভাব-মর্যাদা রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। এই ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীদের যে ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়েছে তা আর কোনো মামলায় হয়নি।”
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যায়িত করে তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাইব্যুনালে কোনো প্রতিনিধি বা পর্যবেক্ষক পাঠায়নি। অথচ তারা কিসের ভিত্তিতে রায় নিয়ে এ ধরনের বিবৃতি দিয়েছে তা প্রসিকিউশনের বোধগম্য নয়।
“আমাদের দেশের কোর্টের রায় নিয়ে সমালোচনা করা হয়। অথচ এই উপমহাদেশের কোনো কোর্টের রায় নিয়ে এতোটা সমালোচনা হয় না। এখনই এই সমালোচনার লাগাম টানা দরকার।”
প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, “বাংলাদেশ হচ্ছে এমন এক রাষ্ট্র যেখানে নিজস্ব আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার করছে। বিশ্বের খুব কম রাষ্ট্রই এটা করতে পেরেছে। এই অপরাধগুলো আন্তর্জাতিক অপরাধ। এ অপরাধ কোনো ব্যক্তি বা রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত হয়নি, হয়েছে গোটা মানবজাতির বিরুদ্ধে। তাই এ বিচার করে আমরা বিশ্বের বুকে একটি নজির সৃষ্টি করেছি।”
তুরিন আফরোজ বলেন, হিউম্যান রাইটস ওয়াচের কোনো জবাবদিহি নেই। তাদের অর্থের উৎসও তারা প্রকাশ করে না। অর্থায়ন যারা করে তাদের পরিচয়ও সংস্থাটি গোপণ রাখে।
প্রসিকিউটর তাপস কান্তি বল শুনানির পর সাংবাদিকদের বলেন, “আমরা এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে সংস্থাটির প্রতিনিধিদের হাজির করে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশনা চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তাদের প্রাপ্য সর্বোচ্চ শাস্তি দাবি করেছি, যাতে করে এ ধরনের সাহস পরবর্তীতে কেউ না করতে পারে।”
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুযায়ী, ট্রাইব্যুনালের কোনো আদেশের প্রতি অবমাননাকর কার্যক্রম বা আচরণের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।
