চবি ছাত্রলীগের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে বিবদমান দুই পক্ষ।
শনিবার রাতে হাটহাজারী থানায় মামলা দুটি করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য মঈনুল ইসলাম এবং কর্মী নূর আলম ইমন।
মামলা দুটিতে মোট আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৯৫ জনকে আসামি করা হয়েছে।
শনিবার দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
প্রথম মামলার বাদি মঈনুল ইসলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের সভাপতি মামুনুল হক সমর্থিত ভি-এক্স গ্রুপের কর্মী।
অন্য মামলার বাদি নূর আলম ইমন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু সমর্থিত সিক্সটি নাইন গ্রুপের কর্মী।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঈনুল ইসলাম বাদি হয়ে প্রথম মামলায় লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের মো. মেহেদী, বাংলা বিভাগের তৃতীয় বর্ষের আরমান হোসেন, দর্শন বিভাগের প্রথম বর্ষের নীরব, ইতিহাস বিভাগের ইফতেখার হোসেন এবং ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের রাকিব হোসেনের নাম উল্লেখ করেছে।
এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
তিনি আরো জানান, নূর আলম ইমনের করা দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের রুবেল দে, কম্পিউটার বিজ্ঞান বিভাগের মেহেরাজ এবং মার্কেটিং স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের মনা নামে এক শিক্ষার্থীকে।
এ মামলায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।
এদিকে, সংঘর্ষের ঘটনায় দোষীদের খুঁজে বের করতে চার সহকারী প্রক্টরকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক খান তৌহিদ ওসমান।
