২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগে সংঘর্ষ: পুলিশসহ আহত ২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 01:58 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে গোলচত্বর এলাকার দুই পাশে ছাত্রলীগের সভাপতি মামুনুল হক সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভি-এক্স এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু সমর্থিত সিক্সটি নাইন পক্ষের কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে আছেন- রসায়ন তৃতীয় বর্ষের আকাশ মিত্র, ইসলামের ইতিহাসের দ্বিতীয় বর্ষের প্রদীপ চক্রবর্তী, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের অমিত, ইতিহাস বিভাগের ইমন, সাইফুল ইফতেখার, দর্শন বিভাগের রাব্বি, মনোবিজ্ঞান বিভাগের নিরব, হিসাববিজ্ঞান বিভাগের আরাফাত, লোকপ্রশাসন বিভাগের হাকিম, অর্থনীতি বিভাগের সৈকত ও বাংলা বিভাগের ফরহাদ।

সকালে ক্যাম্পাসগামী চতুর্থ ট্রেনে সিক্সটি নাইন গ্রুপের কর্মী নৃবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমানকে ভিএক্স গ্রুপের কর্মীরা মারধরের পর উত্তেজনার শুরু হয়।

চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনে মারামারির জের ধরে ছাত্রলীগের দুইপক্ষ ক্যাম্পাসে অবস্থান নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়ায়। তাদের হটাতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।

এসময় গুলি ছুড়তে গিয়ে দিদারুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিজের হাতের কব্জিতে গুলিবিদ্ধ হন বলে জানান তিনি।

এরপর থেকে আলমগীর টিপুর নেতৃত্বে সিক্সটি নাইন গ্রুপ স্টেশন এলাকায় এবং সভাপতি সমর্থকরা আরিফুল ইসলামের নেতৃত্বে শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে আছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল মনসুর শিকদার সংঘর্ষের জন্য সাংগঠনিক সম্পাদক সমর্থক সিক্সটি নাইন গ্রুপকে দায়ী করেছেন।

গত ২৪ জুন চট্টগ্রাম নগরীতে রেলের দরপত্র নিয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ দুজন নিহতের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সাংগঠনিক সম্পাদক টিপু। তবে তিনি জামিনে রয়েছেন।