২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে ছাত্রদল নেতাকে পিটিয়ে জখম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে আহত করা হয়েছে। এজন্য ছাত্রলীগকে দায়ী করেছে বিরোধী দল সমর্থক ছাত্র সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 05:25 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

আহত আব্দুর রহিম বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক।

রহিমের ওপর হামলাকারীদের বিচারের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় রহমানকে মারধর করা হয়।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি ওবায়দুল্লাহ শুভ সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের এনামুল হক ভুইয়া, তানভীর হাসান খান, দীন মোহাম্মদ শোয়েব, শাকিল মাহমুদ এই হামলা চালিয়েছে।

এরা সবাই কামাল উদ্দিন হলের ছাত্রলীগকর্মী ও বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

রহিমকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের বলেন, রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

রহিমকে দেখতে হাসপাতালে যান অধ্যাপক আনোয়ার হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রহিমের সঙ্গে কথা বলেছি, দোষীদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

রহিমকে দেখে ফেরার সময় ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা উপাচার্যের গাড়িতে ঢিল ছুড়লে একটি কাচ ভেঙে যায়।

এদিকে ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহিংসতাই প্রমাণ করে গণতান্ত্রিক রীতিনীতিতে ছাত্রলীগ বিশ্বাস করে না।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান বলেন, দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

হামলার নিন্দা জানিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।