কোকোর পাচার করা আরো ৯ লাখ ডলার এসেছে
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা আরো নয় লাখ ডলার দেশে এসেছে।
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ৯ লাখ ৫৬ হাজার ৩৮৭ দশমিক ৪ মার্কিন ডলারের একটি প্রতীকী চেক দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের হাতে তুলে দেন।
দুদকের আয়োজনে দুই দিনব্যাপী ‘মাল্টি এজেন্সি ট্রেইনিং প্রোগ্রাম অন এসেট রিকভারি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এই চেক হস্তান্তর হয়।
দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে সমাপনী এই অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আমরা প্রতীকী এই চেক আজ হস্তান্তর করলাম। তবে দুই দিন আগেই এই অর্থ চলে এসেছে।”
অর্থ পাচারের মামলায় কারাদণ্ডে দণ্ডিত আরাফাত পাঁচ বছর ধরে বিদেশে রয়েছেন। তার অনুপস্থিতিতেই মামলার রায় হয়। তবে বিএনপির দাবি, ওই মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
অ্যাটর্নি জেনারেল এই অর্থ দেশে আনার দীর্ঘ প্রক্রিয়ার কথাও জানান।
তিনি বলেন, জাতিসংঘের দুর্নীতি দমন বিষয়ক কনভেনশনে বাংলাদেশ সাক্ষর করেছে।
“এই কনভেনশন অনুসারে আমরা পারস্পরিক আইনি সহায়তার আওতায় তথ্য চাই। আমরা জানতে পারি, সিমেন্স কোকোকে ঘুষ দিয়েছে। পাসপোর্ট জমা দিয়ে কোকো সিঙ্গাপুরে অ্যাকাউন্ট খোলেন। সেখানে দুটি কোম্পানিও খোলেন।”
“এ সব তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আদালতে মামলা হয়। মামলায় রায় দিলে আমরা সেটার ভিত্তিতে টাকা ফেরতের জন্য সিঙ্গাপুরে আবেদন করি। সেটা সেখানে মঞ্জুর হওয়ার পর আমরা টাকা ফেরত পাই।”
মঙ্গলবার হস্তান্তরিত প্রতীকী এই চেকটি ছিল ওভারসিজ ব্যাংকের, যা দুদকের স্টোলেন অ্যাসেট রিকভারি অ্যাকাউন্টের বিপরীতে ইস্যু করা হয়।
