২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় লঞ্চ পারাপার তৃতীয় দিনেও বন্ধ

আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচলে অচলবস্থা অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 09:18 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার তৃতীয় দিনে যাত্রী দুর্ভোগ কমাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) সি-ট্রাক নামানোর চেষ্টা করলে লঞ্চ মালিকদের প্রতিরোধের কারণে তা বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার শাহ পরান নামের একটি লঞ্চ মালিক সমিতির ছাড়পত্র না নিয়ে চলাচল করতে চাইলে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় এ রুটে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শনিবার তারা ট্রলার, ফেরি ও বালুবাহী জাহাজে করে নদী পার হন। 

সমস্যা সমাধানে বিকালে লৌহজংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে লঞ্চ মালিক সমিতির বৈঠক হলেও তাতে কোনো সমাধান আসেনি।

বিআইডব্লিউটিএর মাওয়া বন্দর কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, “শনিবার যাত্রী পারাপারে সি-ট্রাক চলাচলের উদ্যোগ নেওয়া হলে আমজাদ, মাসুম, পিনাক-৬ ও হানজালা লঞ্চের মালিক ও প্রতিনিধিরা আমার সঙ্গে দুর্বব্যবহার করেন।”

তিনি আরো জানান, বিষয়টি জানার পর বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ওই চারটি লঞ্চের রুট পারমিট স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

“পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ চারটি লঞ্চকে নৌপথে চলাচল হতে বিরত রাখতে বলা হয়েছে।”

মাওয়া লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাওয়া ঘাট থেকে ছয়টি লঞ্চ ছেড়ে গেলেও কাওড়াকান্দি ঘাটে তা আটক রেখেছে ইয়াকুব বেপারীর লোকজন।

পদ্মার দক্ষিণাঞ্চলের একজন এমপির আস্থাভাজন ইয়াকুব বেপারীর ওই শাহ পরান লঞ্চটিকে এ নৌরুটে চলাচল করতে দেয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।