চট্টগ্রামে এক নারীর গলিত লাশ উদ্ধার
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এক নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোছাম্মৎ রহিমা ওরফে চৈতীর (২৬) সিলেট যুব একাডেমি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাঠকর্মী ছিলেন।
শনিবার সকালে কাজীর গলির একটি ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান ইপিজেড থানার ওসি আবুল মনসুর।
এঘটনায় রহিমার স্বামী পরিচয়ে তার সঙ্গে ওই বাসায় থাকা সুমন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ।
ওসি মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনটির চতুর্থ তলার একটি কক্ষে রহিমা ভাড়া থাকতেন। সেখানে তারা সঙ্গে তার স্বামী সুমন থাকতো বলে স্থানীয়রা জানিয়েছে।
তিনি বলেন, “দুর্গন্ধ ছড়ানোয় বাড়ির মালিক আমাদের খবর দেন। কক্ষটি বাইরে থেকে তালাবন্ধ ছিলো। অন্তত চার-পাঁচ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় নিহতের বোন সাবিনা আক্তার ইপিজেড থানায় অজ্ঞাতদের নামে একটি মামলা করেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
