হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
এক যুবককে হত্যার অভিযোগে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পিরোজপুরের একটি আদালত।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ বিপ্লব কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার মধ্য তুষখালি গ্রামের আব্দুল ছালাম ফরাজীর ছেলে সগির ও বশির।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মা পেয়ারা বেগমকে খালাস দেয়া হয়েছে। এছাড়া আব্দুল ছালাম মামলা চলাকালীন সময়ে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলাউদ্দিন খান সাংবাদিকদের জানান, ২০০৯ সালের ২১ মে গ্রামের একটি গাছ থেকে খেজুর পাড়াকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্তরা মামুন নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
পরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
