২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর দূতাবাসে হুমকি: শিবিরকর্মী গ্রেপ্তার

মিশর দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 02:28 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

পুরনো খবর:

মিশরে আটক দুই বাংলাদেশি এখনো মুক্তি পাননি   
মিশরের ভিসা ১১ দিন বন্ধ

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ জানান, বুধবার বেলা সোয়া ১২টার দিকে ফার্মগেইটের ফোকাস কোচিং সেন্টার থেকে শওকত ওসমান (২২) নামে ওই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইউসুফ বলেন, “মিশর দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি সম্বলিত চিঠি দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ওই চিঠিতে শওকতের মোবাইল নম্বর লেখা ছিল, তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার দূতাবাসের বাইরে লেটার বক্সে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে মিশরে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়। তা না হলে মিশর দূতাবাস উড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়।”

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের বিরুদ্ধে সেনা অভিযানে মুসলিম ব্রাদারহুডের শত শত কর্মী নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিলও করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। রাজধানীর সিটি কলেজ এলাকায় জামায়াতের মিছিল থেকে হাতবোমাও ফাটানো হয়।

এদিকে হুমকির বিষয়টি উল্লেখ না করলেও মঙ্গলবার ‘নিরাপত্তাজনিত’ কারণের কথা বলে ১১ দিনের জন্য ভিসা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় মিশর দূতাবাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কিছু নিরাপত্তাজনিত কারণে ২০ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত দূতাবাসের কনস্যুলার বিভাগ বন্ধ থাকবে।”

তবে দূতাবাসের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।