২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে আটক দুই বাংলাদেশি এখনো মুক্তি পাননি   

সংঘাতময় মিশরে আটক দুই বাংলাদেশি এখনো ছাড়া পাননি, যদিও তাদের মুক্তির জন্য চেষ্টা অব্যাহত রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 11:04 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

জরুরি অবস্থার মধ্যে সান্ধ্য আইন ভঙ্গ করায় গত সোমবার এই দুই বাংলাদেশি আটক হন।

এদের একজন লক্ষ্মীপুরের রাখালিয়া বাজার সংলগ্ন খন্দকারপুরের রাজ্জাক চৌধুরীর ছেলে বেলায়েত হোসেন। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

অন্যজন কুমিল্লা সদর দক্ষিণের পাঠানকোট চওড়া বাজারের বাসিন্দা ফরিদ আহমেদ মজুমদারের ছেলে নাসির মজুমদার। তিনি কায়রোর একটি কারখানার শ্রমিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বুধবার জানান, দুই বাংলাদেশি কায়রোর হেলওয়ান পুলিশ স্টেশনে আটক রয়েছেন। তাদের ছাড়াতে কায়রো মিশন কাজ করছে।  

আবু সাইদ নামে অন্য এক বাংলাদেশি আহত অবস্থায় কায়রোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত ১৬ অগাস্ট সংঘাতের মধ্যে পড়ে আহত হন আবু সাইদ। তবে তিনি আশঙ্কামুক্ত বলে মন্ত্রণালয় জানিয়েছে।

শামীম আহসান বলেন, “আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা ঠিক নয়।”

বাংলাদেশ মিশন গ্রেফতারকৃতদের পুলিশ স্টেশন থেকে মুক্ত করতে চেষ্টা চালিয়ে চাচ্ছে বলে তিনি জানান।

গত কয়েক বছর ধরে অস্থিতিশীল মিশরে কত সংথ্যক বাংলাদেশি রয়েছেন, তার সরকারি হিসাব পাওয়া না গেলেও ধারণা করা হয় এই সংখ্যা ১০ হাজার।

মিসরে অবস্থানরত সব বাংলাদেশিকে সাবধানে চলাফেরার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেনা অভ্যুত্থানে উৎখাত মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থকদের বিক্ষোভ দমনে সরকারের অভিযানে গত সপ্তাহে সহস্রাধিক মানুষ নিহত হয়। এরপর সেখানে জারি করা হয় জরুরি অবস্থা।

গত কয়েক বছর ধরে অস্থিরতা চলছে আরব রাষ্ট্র মিশরে। ২০১০ সালে জনবিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনি মুবারক। এরপর সংবিধান পরিবর্তন করে নির্বাচনের পর মুরসি ক্ষমতায় এলেও অসন্তোষ চলছিল।

পুরনো খবর:

মিশর দূতাবাসে হুমকি: শিবিরকর্মী গ্রেপ্তার
মিশরে নিহত ছয়শ ছাড়িয়েছে