উত্তাল পদ্মা, মাওয়ায় ফেরি চলাচল সীমিত
পদ্মায় প্রচণ্ড ঢেউ ও বাতাসের কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে।
১৬টি ফেরির মধ্যে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে চলছে মাত্র ৪টি।
এতে উভয়পাশেই যানজট তৈরি হয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, লঘুচাপের কারণে বিকালে ঢেউয়ের আকার বাড়ায় দুর্ঘটনা এড়াতে শুধু দু’টি রো রো ফেরি এবং দু’টি কে-টাইপ ফেরি চলাচল করছে।
“এতে উভয়পাড়ে প্রায় ২০০ যান পরাপারে অপেক্ষায় রয়েছে।”
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান জানান, যে চারটি ফেরি চলছে তাও ঠিকসময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না।
“ঢেউ কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তবে অবস্থা খারাপ হলে পুরো ফেরি সার্ভিসও বন্ধ হয়ে যেতে পারে।”
