২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমইটি থেকে শতাধিক পাসপোর্ট ‘হাওয়া’

সরকারি প্রতিষ্ঠান জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ১২২টি পাসপোর্ট ভিসাসহ খোয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বায়রাভুক্ত দুটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পাসপোর্ট নিয়ে বিএমইটিতে গিয়েছিল। তা উদ্ধারে চেষ্টা চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলি হায়দার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে তাদের দুটি রিক্রুটিং এজেন্সির পাসপোর্ট কাকরাইলে বিএমইটি কার্যালয় থেকে হারিয়ে যায়।

এর মধ্যে ইতালির তিনটি, ওমানের ৮৩টি, বাহরাইনের ১০টি ও কাতারের ২৩টি ভিসাসহ পাসপোর্ট ছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ‘টাওয়ার ট্রেড ইন্টারন্যাশনালের’ ব্যবস্থাপনা পরিচালক ও ‘উইনার ট্রেড ইন্টারন্যাশনালের’ পরিচালক  ইসহাক খান।

বিদেশগামীদের ছাড়পত্রের জন্য ওই পাসপোর্টগুলো বিএমইটি কার্যালয়ে নিয়ে গিয়েছিল তারা।

কিভাবে এই পাসপোর্ট হারাল, তা জানতে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র পর্যবেক্ষণ করছে পুলিশ।

বিএমইটির পরিচালক আব্দুল লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যেন তারা পাসপোর্টগুলো পেয়ে যান।”

ভিডিওচিত্র দেখে ইসহাক খান বলেন, “একটি লোককে ব্যাগ (পাসপোর্টসহ) নিয়ে যেতে দেখা যাচ্ছে। তবে তাকে স্পষ্ট চেনা যাচ্ছে না।”

পাসপোর্ট হারানোর ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে, তা তদন্ত করছেন উপপরিদর্শক মিজানুর রহমান।

মামলায় বলা হয়েছে, পাসপোর্টভর্তি ব্যাগটি বিএমইটি কার্যালয়ের একটি কক্ষে রেখে সংশ্লিষ্ট ব্যক্তি দুই মিনিটের জন্য পাশের কক্ষে স্বাক্ষরের জন্য গিয়েছিলেন। ফিরে আর ব্যাগটি পাননি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ব্যাগ পাওয়া গেছে। তবে তাতে কোনো কাগজপত্র পাওয়া যায়নি।”

বিএমইটির সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে এর সুরাহার আশা করছেন এই পুলিশ কর্মকর্তা।

তবে তিনি বলেন, “কোনো এজেন্সি কিংবা অন্য কোনো পক্ষ হয়রানি করতে পাসপোর্টগুলো নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”