পুলিশকে হামলা করে ৫৪ শিবিরকর্মী কারাগারে
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে পুলিশের ওপর হামলার ঘটনায় পর গ্রেপ্তার ইসলামী ছাত্র শিবিরের ৫৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার আসামিদের আদালতে হাজির করে পুলিশ হেফাজতের আবেদন না করায় বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন চট্টগ্রাম আদালতে অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) রেজাউল মাসুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচলাইশ থানায় করা দ্রুত বিচার আইনের একটি মামলায় ৩৫ জনকে এবং কোতোয়ালী থানার অন্য দুইটি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
রেজাউল বলেন, “পুলিশ রিমান্ডের আবেদন বা আসামি পক্ষ জামিনের আবেদন না করায় আদালত ৫৪ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকালে চট্টগ্রাম কলেজের শেরে বাংলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৫৮ জনকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে সোমবার সকালে পাঁচলাইশ থানায় দুটি মামলা করে। এর মধ্যে দ্রুত বিচার আইনে করা মামলায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৪ জুলাই হরতাল চলাকালে কোতোয়ালী থানাধীন স্টেশন সড়কে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় করা অন্য দুটি মামলায় ১৯ শিবিরকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়।
