বিজিবির গুলিতে ‘ভারতীয় চোরাকারবারি’ নিহত
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে এক ‘চোরাকারবারি’ ভারতীয় যুবক নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হন।
পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে রোববার ভোরে ভারতীয় গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয় বলে বিজিবি জানিয়েছে।
জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী জানান, নিহত মুজিবর রহমান বাপ্পি (২৪) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া হিলি উপজেলার লস্করপুর গ্রামের তাহের মন্ডলের ছেলে।
আহত বিজিবি নায়েক মোশারফ হোসেন ও সিপাহী মতিয়র রহমানকে মহিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে একদল ভারতীয় গরু পাচারকারী বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি তাদের ধাওয়া করলে পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালায়।
এ পরিস্থিতিতে আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছোঁড়ে বিজিবি। গুলিতে বাপ্পি নিহত হন।
