২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিল কারাগারে

হাই কোর্টের আদেশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অসমাপ্ত রেখেই আদিলুর রহমান খান শুভ্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারিকে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দিতে তার আইনজীবী আবেদন জানালেও তা নাকচ করেছেন ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান।

আদিলের পক্ষে জামিনের কোনো আবেদন জানানো হয়নি মঙ্গলবার। তার আইনজীবী মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের আদেশের অনুলিপি নিয়ে আমরা জামিনের আবেদন করব।”

এর আগে গত রোববার ঢাকার হাকিম আদালতে আদিলের জামিনের আবেদন নাকচ হয়েছিল। সেদিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পুলিশকে দেয়া হয়েছিল।

কিন্তু পরদিন আদিলের আবেদনে হাই কোর্টের একটি বেঞ্চ রিমান্ড স্থগিত করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। প্রয়োজনে আদিলকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় হাই কোর্ট।

হাই কোর্টের আদেশের পর আদিলকে মঙ্গলবার দুপুরে ঢাকার আদালতে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়।

হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রকাশ করার অভিযোগ এনে তথ্য প্রযুক্তি আইনে গত ১০ অগাস্ট রাতে অধিকারের সেক্রেটারি আদিলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন অধিকার কার্যালয়ে অভিযান চালিয়ে কম্পিউটার জব্দ করা হয়।

শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মীদের সরিয়ে দিতে গত ৫ মে রাতে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান চালায়, তাতে ৬১ জন নিহত হয় বলে এক প্রতিবেদনে প্রকাশ করে ডানপন্থীদের সমর্থনপুষ্ট অধিকার।

সরকারের পক্ষ থেকে অধিকারের কাছে ওই তথ্যের সপক্ষে প্রমাণ চাইলে তারা নিহতদের নামের তালিকা বা পরিচয় জানাতে অস্বীকার করে।

এরপরই আইন অনুযায়ী আদিলকে গ্রেপ্তার করা হয় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

দেশ-বিদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনও আদিলের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে তার মুক্তি দাবি করেছে।

পুরনো খবর:

জিজ্ঞাসাবাদে অধিকারের তালিকার ‘হদিস মেলেনি’
অধিকারের উদ্দেশ্য রাজনৈতিক: তথ্যমন্ত্রী