২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল থেকে ফাঁড়িতে হামলা, গুলিতে ব্যবসায়ী নিহত

রাজশাহীর তাহেরপুর পৌরসভায় চাঁদাবাজীর বিরুদ্ধে ব্যবসায়ীদের একটি মিছিল থেকে ফাঁড়িতে হামলার পর পুলিশ গুলি চালালে একজন নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 04:44 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

নিহত রুবেল হোসেন তাহেরপুর পৌরসভার তানাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি তাহেরপুর বাজারের মহিনী গার্মেন্টসের মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ সামনে রেখে পুলিশের চাঁদাবাজীর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর ৩টায় ব্যবসায়ীরা মিছিল বের করে বাঘমারা উপজেলার তাহিরপুর পুলিশ ফাঁড়ির দিকে গেলে পুলিশ গুলি ছোঁড়ে।

রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর বলেন, “স্থানীয় লোকজন ফাঁড়িতে হামলা চালালে পুলিশ গুলি চালায়। এতে একজন মারা গেছেন।”

চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল থেকে পুলিশের চাঁদা নেয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসপি।

তিনি জানান, ইতোমধ্যে এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জি. এম মাহাবুব ও এসআই এলাহী বক্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করছেন,  কয়েকদিন ধরেই পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল থেকে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু নাঈম মোহাম্মদ শামসুর রহমান মিন্টুর নেতৃত্বে ব্যবসায়ীরা দুপুরে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি তাহেরপুর পুলিশ ফাঁড়ির সামনে এলে মিছিল থেকে ইট নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন রুবেল।

তাহেরপুর হাজী বস্ত্রালয়ের মালিক হাসান আলী, ব্যবসায়ী ফিরোজ, তাহেরপুর ডিগ্রি কলেজের ছাত্র মেরজ উদ্দিন, মাদ্রাসাছাত্র আফজাল হোসেন ও স্থানীয় বাসিন্দা মাহতাবও এ সময় গুলিবিদ্ধ হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে হল ও স্কুল মোড়ে অবস্থান নিয়ে দফায় দফায় ফাঁড়িতে হামলা চালানোর চেষ্টা করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে আরো বেশ কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।