২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে রাতে শিবিরের তাণ্ডব

সিলেট নগরীতে মঙ্গলবার রাতে তান্ডব চালিয়েছে শিবির।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 03:52 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

এ সময় তারা মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়ে তারা ব্যাপক বোমাবাজি করে। হামলা চালিয়ে ভাংচুর করেছে অন্তত ২৫টি যানবাহন ও ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান।

এছাড়া শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও হামলা চালিয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর সহযোগী এ সংগঠনটি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ২০-২৫টি মোটরসাইকেলে ৪০-৫০ জন শিবিরকর্মী নগরীর জিন্দাবাজার থেকে মহড়া দিয়ে আম্বরখানা পর্যন্ত যায়।

এ সময় তারা ২৫-৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং রাস্তায় দুইপাশের ২০-২৫টি দোকান ও ১৫-২০টি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুর করে।

কোতোয়ালী থানার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিবির ঝটিকা মিছিল চালিয়ে কিছু দোকানপাটে হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে পায়নি।

এদিকে রাত সোয়া ৮টার দিকে ১৫-২০টি মোটর সাইকেল নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে শিবির। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা ১৫-২০টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।

এ সময় তারা প্রধান ফটকের সামনে ও আশপাশে ৮-১০টি দোকানপাট ও অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে।

পরে তারা মিছিল দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে মহড়া দেয়। ক্যাম্পাস ও প্রধান ফটকের সামনে ছাত্রলীগের লাগানো ব্যানার খুলেও তারা আগুন ধরিয়ে দেয়। প্রায় ২০মিনিট তা-ব চালিয়ে তারা ক্যাম্পাস এলাকা ত্যাগ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জালালাবাদ থানার ওসি গৌসুল আযম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শাবিতে শিবিরের মহড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।