নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
টানা বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে নীলফামারীর কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯টার পর থেকে পানি বাড়তে থাকে। বুধবার সকাল থেকে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর ওঠে।
এরপর তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে রেখেও পানির তোড় সামলানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।
একদিকে পানি বৃদ্ধির ফলে তিস্তার চর এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, গত তিনদিনে নীলফামারীতে গড় বৃষ্টিপাত হয়েছে ১৭৪ মিলিমিটার।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, গত তিনদিনের টানা বর্ষণে বুড়ি তিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, ধুম, কুমলাইসহ বিভিন্ন ছোট ছোট নদীগুলো দুকূল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদীর পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হচ্ছে।
