ফিরছেন এমভি হোপের ৫ নাবিক
থাইল্যান্ডের ফুকেট উপকূলে কাত হয়ে যাওয়া এমভি হোপের পাঁচ নাবিক রোববার রাতে চট্টগ্রাম পৌঁছাচ্ছেন।
তবে আন্দামান সাগরে নিখোঁজ ছয় নাবিকের খোঁজ এখনো মেলেনি।
চট্টগ্রামে জাহাজ মালিকদের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের মহিউদ্দিন আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনার পর বাংলাদেশমুখী জাহাজ এমভি বাক্সমুন সাগরে লাইফ বোট থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে। ওই জাহাজে করেই তারা ফিরছেন।”
এই পাঁচজন হলেন- জাহাজের ডেক ক্যাডেট মোখলেছুর রহমান, চতুর্থ ইঞ্জিনিয়ার আবদুল হাকিম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ওসমান ও সাইফুল ইসলাম।
এমভি বাক্সমুন রাত ৮টা থেকে ৯টার দিকে বন্দরের বহির্নোঙ্গরে আসার কথা রয়েছে। তারপর সেখান থেকে পাঁচ বাংলাদেশি নাবিককে তীরে নিয়ে আসা হবে বলে আবদুল কাদের জানান।
নিখোঁজ নাবিকদের কোনো সন্ধান পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, তাদের স্বজনদের অনুরোধে রোববার সারাদিন উদ্ধার তৎপরতা চালানো হবে।
এর আগে রোববার সকাল নাগাদ উদ্ধার তৎপরতা শেষ হওয়ার কথা জানানো হয়।
দুর্ঘটনায় পড়া জাহাজটিকে টেনে তোলার কাজ চলছে বলেও তিনি জানান।
আন্দামান সাগরে কাত হয়ে যাওয়া এমভি হোপ। ছবি: থাই রয়্যাল নেভি
থাই রয়্যাল নেভির হেলিকপ্টার বৃহস্পতিবার আবু বকর সিদ্দিক নামের এক ডেক ক্যাডেটকে সাগর থেকে উদ্ধার করে ফুকেটের একটি হাসপাতালে পাঠায়। আর লাইফ বোট থেকে পাঁচজনকে উদ্ধার করে বাক্সমুন।
উদ্ধার অভিযানের দ্বিতীয় দিন শুক্রবার আরও তিনজনকে সাগর থেকে জীবিত উদ্ধার করা হয়। আর দুজনের লাশ উদ্ধার করেন বাক্সমুনের নাবিকরা। পরে দুজনের মরদেহ থাই নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার উদ্ধার পাওয়া হোপের দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসাইন, ডেক ক্যাডেট রায়েক ফাইরুজ, ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমানকেও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আবদুল কাদের জানান, স্বজনদের অনুরোধে এখনো নিখোঁজ ছয় নাবিকের খোঁজে রোববারও উদ্ধার অভিযান চালাচ্ছেন থাই নৌবাহিনীর সদস্যরা। তবে বেলা ৩টা পর্যন্ত নতুন করে কাউকে উদ্ধারের খবর দিতে পারেননি তারা।
