আড়াইহাজারে এজেন্টকে বের করার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী পারভীন আক্তারের কয়েকজন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযাগ উঠেছে।
পারভীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরা, দস্তরদিসহ বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা।
তিনি আরো অভিযোগ করেন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়েছে আরো অনেক পরে।
এ সময়ের মধ্যে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন ব্যালট বাক্স ভর্তি করেছে বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, কোথাও কোনো অনিয়ম হচ্ছে না। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
এছাড়া প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বলেন তিনি।
