যশোরের বাঘারপাড়ায় রোববার হরতাল
সংসদীয় আসনের আগের সীমানা বহালের দাবিতে রোববার যশোরের বাঘারপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপিসমর্থিত যশোর নাগরিক কল্যাণ ফোরাম।
যশোর-৪ সংসদীয় আসনের ২০০৮ সালের নির্ধারিত সীমানা পরিবর্তন না করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক ও বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “যশোর-৪ আসনের নির্বাচনী এলাকা বাঘারপাড়া থানার নয়টি ইউনিয়ন ও যশোর সদর থানার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। এই সীমানা মেনেই নবম সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।”
গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশনের গণশুনানিতেও বাঘারপাড়া, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও যশোর সদর থানার প্রতিনিধিরা এই দাবির পক্ষে যুক্তি দিয়েছে বলে দাবি করেন তিনি।
আবু তাহের বলেন, “আমরা গণমাধ্যমে সংবাদে জানতে পেরেছি, সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এসএইচকে সাদেকের স্ত্রী ইম্মাত আরা সাদেকসহ একটি মহল জনগণের দাবি উপেক্ষা করে যশোর-৪ নির্বাচনী এলাকায় সীমানা পুনর্গঠনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।”
বাঘারপাড়া উপজেলার সঙ্গে যশোর-৬ আসনের অভয়নগরের ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে সংযুক্ত করে সীমানা পুনর্গঠনের জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে বলা হয়, বাঘারপাড়ার উত্তর-পশ্চিম শেষ সীমানা নরসিংহপুর থেকে অভয়নগরের শেষ সীমানা পর্যন্ত মোট দূরত্ব ১৫৬ কিলোমিটার। তাছাড়া দুটি নদী অতিক্রম করে অভয়নগরের সঙ্গে বাঘারপাড়ার মানুষের যোগাযোগও ব্যবস্থা বৈরী। এমতাবস্থায় এই বিশাল এলাকায় দায়িত্ব পালন করা একজন সংসদ সদস্যের পক্ষে কষ্টকর হবে।
বৃহত্তর জনগণের দাবি মেনে যশোর-৪ আসনের নির্ধারিত সীমানা বহাল রেখে অবিলম্বে গেজেট প্রকাশ করার দাবি জানান তিনি।
“এই দাবিতে আমরা কাল বাঘারপাড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছি।’’
সংবাদ সম্মেলনের অন্যানের মধ্যে বাঘারপাড়া পৌর মেয়র আবদুল হাই মনা, নারিকেল বাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান, জামাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুর রহমান, অধ্যক্ষ আজগর আলী ও জহুরুল হক উপস্থিত ছিলেন।
