শেরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নালিতাবাড়ি থানার ওসি গোলাম হায়দার জানান, উপজেলার নাকুগাঁও আশ্রায়ন প্রকল্প এলাকায় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত জুয়েল (৬) তারা মিয়ার এবং আকরাম (৬) লালন মিয়ার ছেলে। তারা ওই আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু দুটি ডোবার সামনে খেলার সময় পানিতে পড়ে যায়।
“অন্য একটি শিশুর কাছে খবর পেয়ে পরিবারের লোকজন ডোবা থেকে লাশ দুইটি উদ্ধার করে।”
এ ব্যাপারে নালিতাবাড়ি থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
