তারেকের জামিনের মেয়াদ বাড়ল
চাঁদাবাজি ও কর ফাঁকির দুই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে হাই কোর্ট।
আদালতে তারেকের পক্ষে শুনানি করেন নাজমুল হুদা। তিনি জানান, আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এবং চাঁদাবাজির অভিযোগে রেজা কনস্ট্রাকশনসের ব্যবস্থাপনা পরিচালক খান মো. আফতাব উদ্দিনের দায়ের করা মামলায় আদালত তারেক রহমানের জামিন তিন মাস বাড়িয়েছে।
এছাড়া চাঁদাবাজির মামলার কার্যক্রমে স্থগিতাদেশও ওই সময় পর্যন্ত বহাল থাকবে।
গত বছরের ২ জুলাই হাইকোর্ট এ দুই মামলায় তারেকের জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছিল। সেই মেয়াদ ফুরিয়ে আসায় গত রোববার এ দুটি আবেদন করেন তার আইনজীবী।
২০০২-০৩ এবং ২০০৫-০৬ করবর্ষে ২৬ লাখ ৮৬ হাজার টাকা আয়কর ফাঁকি দেয়ার অভিযোগে ২০০৮ সালের ৪ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তারেকের বিরুদ্ধে একটি মামলা করে।
ওই বছর ২৭ আগস্ট এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তারেক। পরে কয়েক দফা এর মেয়াদ বাড়ানো হয়।
এ ছাড়া এক কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে রেজা কনস্ট্রাকশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খান মো. আফতাব উদ্দিন ২০০৭ সালের ২৭ মার্চ গুলশান থানায় অন্য মামলাটি দায়ের করেন।
পরের বছর হাইকোর্ট এ মামলাতেও তারেককে জামিন দেয়। পাশাপাশি মামলার কার্যক্রমও স্থগিত করা হয়।
জামিন ও স্থগিতাদেশের মেয়াদ পরে কয়েক দফা বাড়ানো হয়।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার তারেক ২০০৮ সালে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যান। দেড় ডজন মামলা নিয়ে স্ত্রী-সন্তানসহ এখনো যুক্তরাজ্যে রয়েছেন তিনি।
