রাজশাহীর তিন জেলায় বৃহস্পতিবার হরতাল
দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার রাজশাহী বিভাগের তিন জেলায় হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।
বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতাকে আটকের প্রতিবাদে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে এ হরতাল ডাকা হয়েছে।
তিনি অভিযোগ করেন, সোমবার ঢাকার শাহাজাদপুরের পিপলস ইউনিভার্সিটির সামনে থেকে সাদা পোশাকের পুলিশ দল বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক তাজাম্মুল আলী ও ছাত্রকল্যাণ সম্পাদক মো. আজিজুর রহমানকে আটক করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আশরাফুল আলম ইমন, রাজশাহী মহানগর সভাপতি আনিছুর রহমান বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা সভাপতি এক জরুরি বৈঠকে এ হরতালের সিদ্ধান্ত নেয়।
